চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় মোঃ মোহাম্মদ মামুন (১৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে দক্ষিণ পতেঙ্গার চরপাড়া গোল্ডেন ব্রিজ এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রায়সা বেগম (১৭) ও শাশুড়ি নুর নাহারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত মামুন ৪১ নং ওয়ার্ডের চরপাড়া এলাকার মোঃ নেজাম উদ্দীন ও রুনা আক্তারের ছেলে। স্বজনদের অভিযোগ, মামুন বেশ কিছুদিন ধরে চাকরি খুঁজছিলেন। ওই বাসায় মেয়ের খালার হাতে তিনি মারধরের শিকার হতেন বলেও অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে মামুনের শাশুড়ি ছেলের মামা শাহীনকে ফোন করে জানান, মামুন গলায় ফাঁস দিয়েছে। পরে জানাজানি হলে পতেঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, এই ঘটনার সূত্রপাত প্রায় তিন মাস আগে। সে সময় বিয়ের প্রতিশ্রুতি সংক্রান্ত এক অভিযোগ এনে মামুনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। পরবর্তীতে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে মামুন ও রায়সা বেগম কোর্ট ম্যারেজ করেন। তবে বিয়ের পরও পারিবারিক কলহ মিটেনি বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য মামুনের স্ত্রী রায়সা ও শাশুড়ি নুর নাহারকে জিজ্ঞেসা বাদের জন্য পতেঙ্গা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।



