৯৯৯ কলেই পুলিশের সহায়তা, ভাইয়ের মারধর থেকে রক্ষা দুই বোন
২৯ March ২০২৬ Sunday ৬:৪৮:৫৬ PM
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে আপন দুই বোনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তাদেরই ছোট ভাইয়ের বিরুদ্ধে। পরে আহতদের স্বজনরা ৯৯৯-এ ফোন দিলে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার রাত ৯টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পরিবার জানায়, কনকদিয়া ইউনিয়নের আবদুর রহিম হাওলাদার মারা যাওয়ার পর তার দুই ছেলে সোহেল ও রাসেল এবং দুই মেয়ে শারমিন শিলা (৩২) ও আরমিন ইলা (৩০)-এর মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য শনিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠকের দিন ধার্য ছিল। অভিযোগ রয়েছে, ছোট ভাই রাসেল ওই বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো শালিসে অংশ নেওয়া ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ নিয়ে তার স্ত্রী ও দুই বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাসেলের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে শারমিন শিলা ও আরমিন ইলার ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে আহতদের স্বজনরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রাসেল বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বাউফল থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)