মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বিদ্যালয়ের ঘন্টার শব্দে নয়, ভালোবাসার ঢেউয়ে শেষ হলো এক শিক্ষকের দীর্ঘ কর্মজীবন। চক-ডাস্টারের ধুলো ছেড়ে হাজারো শিক্ষার্থীর জীবনে স্বপ্ন বুনে যিনি কাটিয়েছেন জীবনের সেরা সময়, সেই প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ যেন হয়ে ওঠে এক আবেগঘন মঞ্চ।
টাঙ্গাইলের মির্জাপুর সদরের সরকারি এস.কে. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষক আবুল বাশারের বিদায় ছিল ব্যতিক্রমী ও স্মরণীয়। দীর্ঘ ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাওয়ার সময় তাকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার আয়োজন করা হয়। সঙ্গে ছিল বাদ্যযন্ত্রের সুর আর শিক্ষার্থীদের ভালোবাসা—যা বিদায়কে করে তোলে এক রাজসিক আয়োজন।
সোমবার (৩০ মার্চ) বিদ্যালয়ে আনুষ্ঠানিক বিদায় শেষে দুপুরে তিনি উপজেলার তেলিনা এলাকার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, সহকর্মী শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
এর আগে বিদ্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা তার কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তারা বলেন, আবুল বাশার ছিলেন আদর্শ শিক্ষকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
একজন শিক্ষক হিসেবে তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পথপ্রদর্শক হিসেবে নিরলস কাজ করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

