গোয়ালন্দে সাদেকাবাদ জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার বিতরণ |

গোয়ালন্দে সাদেকাবাদ জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার বিতরণ |

গোয়ালন্দে সাদেকাবাদ জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার বিতরণ |

রাজবাড়ী বার্তা ডট কম  ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অবস্থিত সাদেকাবাদ জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এতিম, দুঃস্থ, অসহায়, দরিদ্র ও বিধবা পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে ১৫টি পরিবারের মধ্যে চাল, ডাল, লবণ, সেমাই, চিনি, গুঁড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি জাহাঙ্গীর হোসেন সাচ্চু, সদস্য সাইদুল হাসান, হুসনে আরা বেগমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জাহাঙ্গীর হোসেন সাচ্চু প্রতিষ্ঠানের সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত কার্যক্রম তুলে ধরেন। তিনি ৩৮ বছরের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে গিয়ে ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার করুণ চিত্র স্মরণ করেন এবং সেই সময় থেকে শুরু করে কীভাবে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে মানবসেবায় নিয়োজিত রয়েছে তা তুলে ধরেন।
সাইদুল হাসান বলেন, “আপনাদের সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের স্বপ্নদ্রষ্টা আমার বড় ভাই জাহাঙ্গীর হোসেন সাচ্চু। তাঁর হাত ধরেই আমরা মানবসেবায় এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের ও আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।”
ঈদ উপহার পেয়ে উপকারভোগীদের মুখে ছিল আনন্দের ঝিলিক। ৬০ বছর বয়সী চায়না বেগম বলেন, “ছেলেমেয়ে নিয়ে ঈদের দিন কী খাবো তা নিয়ে খুব চিন্তায় ছিলাম। আজ এই খাদ্যসামগ্রী পেয়ে অনেক খুশি। ঈদের দিন সবাই মিলে পেটভরে খেতে পারবো। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।”
১৪ বছর বয়সী মো. রায়হান জানায়, “আমি দুধ-সেমাই পেয়ে খুবই খুশি। আমার খুব ভালো লাগছে।”
৩৪ বছর বয়সী জোসনা বলেন, “এই খাবার সামগ্রী পেয়ে খুব ভালো লাগছে। কয়েকদিন নিশ্চিন্তে খেতে পারবো। আপনারা সত্যিই ভালো মানুষ।”
সাদেকাবাদ জনকল্যাণ ট্রাস্টের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাবেন।

Explore More Districts