| ২৮ March ২০২৬ Saturday ৭:১৭:৪৭ PM | |

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পূর্ব বকশিচর গ্রামে পুরাতন আয়রন ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণকাজ শুরু হওয়ার পর লোহার মালামাল আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল আকনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হলে পুরোনো ব্রিজ ভেঙে ফেলা হয়। পরে অবশিষ্ট লোহার মালামাল ঠিকাদার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল আকনের জিম্মায় রাখেন। কিন্তু জিম্মায় থাকা সেই মালামাল আত্মসাতের চেষ্টা করা করেন তিনি।
গত শুক্রবার (২৭ মার্চ) বিকেলে স্থানীয় জনগণ একটি গাড়িসহ ব্রিজের লোহার মালামাল আটক করে। খবর পেয়ে অভিযুক্ত ইউপি সদস্য আটক মালামাল ছাড়িয়ে নিতে স্থানীয়দের টাকা দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
যে ট্রলিতে করে মালামাল নেয়া হচ্ছিল সেই ট্রলির চালক হাবিব এ প্রতিবেদককে বলেন, চাঁদপাশা এলাকার সাইদুল তাকে এক হাজার টাকার ভাড়া দিয়ে লাকুটিয়া থেকে পোর্টরোড পর্যন্ত পৌঁছাতে হবে বলে চুক্তি করে। এর বেশি কিছু বলতে পারেনি হাবিব।
স্থানীয়রা বলেন, সরকারি সম্পদ রক্ষার দায়িত্বে থাকা জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।তবে অভিযুক্ত ইউপি সদস্য দুলাল আকন মুঠোফোনে চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু মালামাল হারিয়ে গেছে এবং তা উদ্ধারের চেষ্টা চলছে।
চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাঢ়ী জানান, মালামাল ইউপি সদস্যের জিম্মায় রয়েছে। বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়।
তিনি আরও বলেন, হারানো মালামালের বিষয়ে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে এবং শনিবার সকালে এয়ারপোর্ট থানায় জিডি করা হয়েছে বলে জানা গেছে।তবে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে এখনো কোনো সাধারণ ডায়েরি হয়নি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

