আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে গণপরিবহনে অবৈধভাবে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর’।
সোমবার (১৬ মার্চ) সংগঠনের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাইমচর থানার অফিসার ইনচার্জের (ওসি) নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন। একইসাথে বিষয়টি সদয় অবগতির জন্য জেলা প্রশাসক, চাঁদপুর জেলা প্রেসক্লাব ও হাইমচর উপজেলা প্রেসক্লাবেও অনুলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, হাইমচর-চাঁদপুর রুটে চলাচলকারী সাধারণ মানুষ শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে প্রতিদিন যাতায়াত করেন। বিশেষ করে ঢাকা থেকে আসা যাত্রী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই রুটের নিয়মিত যাত্রী। কিন্তু প্রতিবছর ঈদকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু পরিবহন চালক ও চক্র কৃত্রিম সংকট তৈরি করে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করে।
স্মারকলিপি গ্রহণ করে উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক বলে অভিহিত করেন। দ্রুততম সময়ের মধ্যে এই রুটে নিয়মিত ভাড়া তদারকি (মনিটরিং) বৃদ্ধি এবং অসাধু চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন তারা।
স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের নেতৃবৃন্দ জানান, “হাইমচর একটি নদী উপকূলীয় এবং তুলনামূলক অনুন্নত উপজেলা হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে অনেক কষ্ট পোহাতে হয়। এর ওপর উৎসবের সময় অতিরিক্ত ভাড়া আদায় সাধারণ মানুষের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা। আমরা চাই প্রশাসন কঠোর নজরদারির মাধ্যমে এই নৈরাজ্য বন্ধ করুক।”
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হাইমচরের কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাধারণ যাত্রীরা শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
১৬ মার্চ ২০২৬


