বরগুনার কুড়িয়ে পাওয়া সোয়া লাখ টাকা মাইকিং করে ফেরত দিলেন ব্যবসায়ী

বরগুনার কুড়িয়ে পাওয়া সোয়া লাখ টাকা মাইকিং করে ফেরত দিলেন ব্যবসায়ী

১২ March ২০২৬ Thursday ৫:১০:১৬ PM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

বরগুনার কুড়িয়ে পাওয়া সোয়া লাখ টাকা মাইকিং করে ফেরত দিলেন ব্যবসায়ী

বরগুনায় রাস্তায় কুড়িয়ে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকা মাইকিং করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. বশির উদ্দিন নামের এক কাঁচামাল ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বরগুনা শিল্পকলা অ্যাকাডেমি সংলগ্ন এলাকায় যথাযথ প্রমাণ সাপেক্ষে টাকার প্রকৃত মালিক স্কুল শিক্ষক মো. খলিলুর রহমানের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকালে বরগুনা পৌর শহরের সদর রোড দিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি সোনাখালী যাচ্ছিলেন কাঁচাবাজারের আড়তদার বশির উদ্দিন। স্টেডিয়াম এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি খাম পড়ে থাকতে দেখেন তিনি। খামটি খুলে ভেতরে বিপুল পরিমাণ টাকা দেখে তিনি আশপাশে মালিকের সন্ধান করেন। কিন্তু কাউকে না পেয়ে তাৎক্ষণিক মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারের ব্যবস্থা করেন।

হারানো টাকা ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান। তিনি জানান, জাকাতের উদ্দেশে গরু কেনার জন্য আলাদা একটি খামে এই টাকাগুলো রেখেছিলেন। প্যান্টের পকেট থেকে অসাবধানতাবশত খামটি রাস্তায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে মাইকিং শুনে বশির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং যথাযথ প্রমাণ দিয়ে টাকাগুলো বুঝে পান।

এ সময় উপস্থিত অ্যাডভোকেট ফয়সাল বলেন, টাকার লোভ অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়। কিন্তু বশির উদ্দিন সততার পরিচয় দিয়ে মাইকিং করে প্রকৃত মালিক খুঁজে বের করে টাকা ফেরত দিয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়। এ যুগে এই রকমের সততা সত্যিই খুব দেখা যায় না।

এ বিষয়ে ব্যবসায়ী মো. বশির উদ্দিন বলেন, রাস্তায় পড়ে থাকা একটি খামের মধ্যে টাকা পেয়ে প্রথমে আশপাশে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজি করি। মালিককে না পেয়ে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি জানাই। এছাড়া আমার পরিচিত বিভিন্ন মানুষকে ফেসবুকে পোস্টও করতে বলি। পরে প্রকৃত মালিক প্রমাণসহ যোগাযোগ করলে আজ তার টাকাগুলো তাকে বুঝিয়ে দিয়েছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts