চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এর সাথে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর চাঁদপুর পৌরসভার হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে শেখ ফরিদ আহমেদ মানিক পৌরসভার বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেছেন, চাঁদপুর পৌরসভার যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেগুলো আমি নিজেই পাই না। আমাদের বিশুদ্ধ পানি ও রাস্তাসহ অনেক সমস্যা রয়েছে। শহরের যানজট নিরসনে পৌরসভাকে কাজ করতে হবে। যেখানে যেখানে অবৈধ দখল রয়েছে, তা দ্রুত উচ্ছেদ করতে হবে। শহরের কিছু কিছু রাস্তা প্রশস্থ করতে হবে। গতকাল পর্যন্ত যা হয়েছে তা শেষ। আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। আপনারা আপনাদের বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকেন, অন্য কিছুর চিন্তা করবেন না। কারো সাথে আমাদের ব্যক্তিগত সমস্যা নেই। এখানে ভালো না লাগলে স্বেচ্ছায় অন্যত্র চলে যান।
তিনি বলেন, চাঁদপুর পৌরসভার সেবার মান কোন ভাবে নষ্ট করা যাবে না। আমরা চাই স্বচ্ছতা। কাজের ক্ষেত্রে যেখানে বালির দেয়ার কথা বলা থাকবে সেখানে মাটি দিতে পারবে না। যেখানে যা ধরা থাকবে তাই দিতে হবে। আর সংবাদপত্রগুলো সঠিক তথ্য দিয়ে নিউজ করবেন। তারপর আমরা ও পৌরসভা কাজ করবো। পৌরসভার আগে দালাল দিয়ে কাজ হতো বা হতো না, এটা জানার বিষয় নয়। আজ থেকে কোন দালাল পৌরসভার সাথে সমৃক্ত থাকবে না। কোন ভবন বা প্রতিষ্ঠানের সেফটি ট্যাংকার লাইন সরাসরি ড্রেনে দিতে পারবেন না।
বিশুদ্ধ পানি নিশ্চিতে তিনি বলেন, বর্তমানে পৌরসভার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানি। এটা দ্রুত সমাধান করতে হবে। শহরের পুরাণবাজার এলাকায় এক জায়গায় পয়ঃনিস্কাশনের পানির সাথে পৌরসভার সাপ্লাইয়ের পানি সরবরাহ হয়ে থাকে, এটা কিভাবে সম্ভব। কিছু কিছু স্থানে সাপ্লাইয়ের পানির সাথে চিংড়ি মাছও পাওয়া যাচ্ছে। শিঘ্রই বিশুদ্ধ পানি নিশ্চিতে পৌরসভাকে কাজ করতে হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেন, পালবাজার থেকে শুরু হয়ে বকুলতলার ভেতর দিয়ে রাস্তাটি প্রশস্থ করলে কিছুটা যানজট কমবে। রেলওয়ে জনস্বার্থে অনেক জায়গা বিভিন্ন জায়গায় দিয়েছে। আপনারা রেলওয়ের সাথে কথা বলে কাজ করেন। রেলওয়ের প্রয়োজনে পৌরসভা যে কোন সময় তাদের জায়গা দিতে বাধ্য থাকবে, রেলওয়ের সাথে পৌরসভা চুক্তি করেন।
এসময় চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ), প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আরিফ মঈন উদ্দিন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১০ মার্চ ২০২৬

