‘জেলার ২’ ছবিতে রজনীকান্তের সঙ্গে থাকছেন শাহরুখ, জল্পনায় সিলমোহর – DesheBideshe

‘জেলার ২’ ছবিতে রজনীকান্তের সঙ্গে থাকছেন শাহরুখ, জল্পনায় সিলমোহর – DesheBideshe

‘জেলার ২’ ছবিতে রজনীকান্তের সঙ্গে থাকছেন শাহরুখ, জল্পনায় সিলমোহর – DesheBideshe

মুম্বাই, ৫ মার্চ – দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য আসছে বড় সুখবর। নেলসন দিলীপকুমারের আসন্ন সিনেমা ‘জেলার ২’ ছবিতে একই পর্দায় দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে মালয়ালম অভিনেতা মোহনলালের ব্যক্তিগত স্টাইলিস্ট জিশাদ শামসুদ্দীনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই জল্পনাকে অনেকটাই নিশ্চিত করেছে। সম্প্রতি জিশাদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শাহরুখ, রজনীকান্ত, মোহনলাল এবং শিব রাজকুমারের একটি এআই জেনারেটেড ছবি শেয়ার করেন।

ছবির ক্যাপশনে তিনি তামিল ভাষায় ‘কান্ডিপ্পা ইরুক্কুম’ লেখেন, যার বাংলা অর্থ ‘অবশ্যই এটি ঘটছে’। এই পোস্টটি ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। এই মেগা প্রজেক্টে শাহরুখ খানের যুক্ত হওয়ার গুঞ্জন বেশ আগে থেকেই শোনা যাচ্ছিল। গত বছরের শেষ দিকে অভিনেতা মিঠুন চক্রবর্তী একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ খান এবং শিব রাজকুমারের মতো তারকারা একত্রিত হচ্ছেন এবং মিঠুন চক্রবর্তীকে সেখানে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। সিনেমার প্রথম কিস্তিতে মোহনলাল এবং শিব রাজকুমারের ক্যামিও চরিত্রগুলো দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল।

সিক্যুয়েলে তাদের ফিরে আসাটা একপ্রকার নিশ্চিতই ছিল। এবার সেই তালিকায় শাহরুখ খানের সংযোজন সিনেমাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এটি হতে চলেছে শাহরুখ ও রজনীকান্তের সরাসরি প্রথম যৌথ উপস্থিতি। এর আগে ‘রা ওয়ান’ সিনেমায় রজনীকান্তের ‘চিট্টি’ চরিত্রের উপস্থিতি থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে শুটিং করতে পারেননি। শোনা যাচ্ছে বিজয় সেতুপতিকেও এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে। সবকিছু ঠিক থাকলে এই গ্রীষ্মেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

এস এম/ ৫ মার্চ ২০২৬



Explore More Districts