পতেঙ্গায় হাসপাতালের জন্য অধিকৃত জায়গা ঘুরে দেখলেন অর্থমন্ত্রী – দৈনিক আজাদী

পতেঙ্গায় হাসপাতালের জন্য অধিকৃত জায়গা ঘুরে দেখলেন অর্থমন্ত্রী – দৈনিক আজাদী





চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে নৌবাহিনীর কর্মকর্তাদের নিয়ে মন্ত্রী সেখানে উপস্থিত হয়ে প্রস্তাবিত প্রকল্প এলাকার সার্বিক অবস্থা পর্যালোচনা করেন।

বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পার্শ্বে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমিতে হাসপাতাল নির্মাণের প্রস্তাব রয়েছে। শুক্রবার অর্থমন্ত্রী নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪ দশমিক ২১৯০ একর এবং অতিরিক্ত ২ দশমিক ৭ একর জমি সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জমির ভৌগোলিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, আশপাশের অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা সম্পর্কে তাকে অবহিত করেন।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে বিস্তারিত ব্রিফিং দেন। এছাড়া অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর প্রতিনিধিরা, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা, জেলে পাড়া ও আশপাশের উপকূলীয় এলাকার মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরীর চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী ও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।




Explore More Districts