বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া যোধপুরে – DesheBideshe

বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া যোধপুরে – DesheBideshe

বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া যোধপুরে – DesheBideshe

রাজস্থান, ২৩ ফেব্রুয়ারি – ভারতের রাজস্থানের যোধপুরে বিয়ের ঠিক আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই দিনে দুই বোনের বিয়ের আয়োজন ঘিরে বাড়িজুড়ে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই নেমে আসে শোকের ছায়া। পুলিশ ধারণা করছে, মানাই গ্রামের ওই দুই বোন আত্মহত্যা করেছেন।

নিহত দুই তরুণীর নাম শোভা (২৫) ও বিমলা (২৩)। শনিবার তাঁদের বিয়ের দিন ধার্য ছিল। শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে চলছিল বিয়ের নানা আনুষ্ঠানিকতা। কিন্তু সেই রাতই কাল হয়ে দাঁড়ায় পরিবারের জন্য। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুই বোনকে মৃত ঘোষণা করেন।

যোধপুর পশ্চিম অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রোশন মীনা জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে দুই কনে ঘুমাতে যান। এরপর ভোর চারটার দিকে তাঁদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত্যু হয়।

শনিবার সকালে মরদেহ বাড়িতে এনে সৎকারের প্রস্তুতি নিচ্ছিল পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেষকৃত্য স্থগিত করে দেয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন ছাড়া মৃত্যুর নিশ্চিত কারণ বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts