দারোয়ানী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে অবরোধ, পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক – DesheBideshe

দারোয়ানী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে অবরোধ, পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক – DesheBideshe

ট্রেন চলাচল

নীলফামারী,২১ অক্টোবর- নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দাদের অবরোধের কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিটে চিলাহাটি থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

এর আগে সকালে দারোয়ানী রেলস্টেশনে ব্যানার নিয়ে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। আন্দোলনকারীদের দাবি, দারোয়ানী স্টেশনে অন্তত দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।

আন্দোলনকারী জামিয়ার রহমান বলেন, ‘আমাদের এখানে শুধু একটি লোকাল ট্রেন থামে। স্টেশনটি অনেক পুরোনো। আমরা চাই, এখানে অন্তত দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হোক।’

আরেক আন্দোলনকারী সাফিন আহমেদ বলেন, ‘আমার বাবা-দাদারাও এই স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে যাতায়াত করতেন। আগে প্রায় দুই-তিনটি ট্রেন থামত। এখন শুধু সকালে একটি ট্রেন থামে। আমরা চাই, এখানে অন্তত দুটি আন্তনগর ট্রেনের স্টপেজ দেওয়া হোক।’

নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ময়নুল হোসেন জানান, সকাল ৯টা ১৩ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে প্রবেশ করে। এরই মধ্যে তাঁরা জানতে পারেন, স্থানীয় বাসিন্দারা দারোয়ানী স্টেশনে রকেট মেইল ট্রেন আটকে রেখে আন্দোলন করছেন। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

এস এম/ ২১ অক্টোবর ২০২৬

Explore More Districts