৪৭ বছর পর এক সিনেমায় ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান – DesheBideshe

৪৭ বছর পর এক সিনেমায় ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান – DesheBideshe

৪৭ বছর পর এক সিনেমায় ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান – DesheBideshe

চেন্নাই, ২২ ফেব্রুয়ারি – দক্ষিণ ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত এবং কমল হাসান। চার দশকেরও বেশি সময় পর এই দুই জীবন্ত কিংবদন্তি আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন। তাঁদের নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে চলেছেন পরিচালক নেলসন দীলিপ কুমার। এতে সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। নেলসনের এই নতুন প্রজেক্টের প্রাথমিক নাম রাখা হয়েছে ‘কেএইচ অ্যান্ড আরকে’।

শনিবার ২১ ফেব্রুয়ারি সিনেমাটির প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রোমোতে দেখা যায়, স্টাইলিশ লুকে পাশাপাশি হাঁটছেন রজনীকান্ত ও কমল হাসান। এরপর তাঁরা একটি গ্যারেজের দিকে এগিয়ে গিয়ে একই গাড়িতে বসেন। গাড়ির পেছনের সিটে দেখা যায় পরিচালক নেলসন ও সংগীত পরিচালক অনিরুদ্ধকে। নতুন গানের ঝলক শোনাতে চাইলে কমল হাসান গম্ভীর স্বরে প্রশ্ন করেন, ‘ওসব পরে শুনব, আগে বলো এই সিনেমায় নায়ক কে?’ দীর্ঘ ক্যারিয়ারে রজনীকান্ত ও কমল হাসান একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।

১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘আলাউদ্দীনম আথবুথা ভিলাক্কুম’ ছিল তাঁদের শেষ সিনেমা, যেখানে দুজনই মুখ্য ভূমিকায় ছিলেন। এরপর কয়েকটি ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গেলেও, সেগুলো ছিল অতিথি চরিত্র। সেই হিসাবে প্রায় ৪৭ বছর পর আবারও একই সিনেমায় মূল নায়ক হিসেবে ফিরছেন এই দুই মহাতারকা। প্রযোজনা প্রতিষ্ঠান রেড জায়ান্ট মুভিজ এক বিবৃতিতে জানিয়েছে, রজনীকান্ত ও কমল হাসানকে একত্র করা তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এটি শুধু একটি সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক আবেগঘন অধ্যায়। এই ঘোষণার পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। পর্দায় দুই তারকার রসায়ন কেমন হবে, তা দেখার অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।

এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts