চট্টগ্রামে আজ আসছেন অর্থমন্ত্রী খসরু, প্রতিমন্ত্রী মীর হেলাল আসছেন কাল – দৈনিক আজাদী

চট্টগ্রামে আজ আসছেন অর্থমন্ত্রী খসরু, প্রতিমন্ত্রী মীর হেলাল আসছেন কাল – দৈনিক আজাদী





অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ শুক্রবার প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে আসছেন। আগামীকাল শনিবার চট্টগ্রাম(হাটহাজারীবায়েজিদ আংশিক) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে আসছেন।

গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদদৌলা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার সকাল ১০টা ৫মিনিটে একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন অর্থমন্ত্রী। সকাল সাড়ে ১১টায় নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মাবাবার কবর জেয়ারত করবেন তিনি। এরপর জুমার নামাজ আদায় করবেন নগরের কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে। নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন অর্থমন্ত্রী। একই স্থানে বিকেলে তিনটায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বন্দর সেবাদানকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। পরে রাত আটটা ২৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন অর্থমন্ত্রী।

অপরদিকে চট্টগ্রাম(হাটহাজারীবায়েজিদ আংশিক) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আগামীকাল শনিবার প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে আসছেন। গতকাল বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের এক স্মারকে জানানো হয়, প্রতিমন্ত্রী সকাল পৌনে ৭টায় ঢাকার গুলশানস্থ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল ৮টায় বিমানযোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এর উদ্দেশ্যে যাত্রা করবেন।

সকাল ৯টায় চট্টগ্রামে পৌঁছে সড়কপথে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবনে যাবেন তিনি। পরে সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারীর উদ্দেশ্যে রওনা দেবেন।

হাটহাজারীতে উপজেলা বিএনপি আয়োজিত অমর একুশের কর্মসূচিতে যোগ দেবেন প্রতিমন্ত্রী। একই দিন সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেবেন এবং উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর একটার পর তিনি নগরীর বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। রাত সোয়া ৯টায় শাহ আমানত বিমানবন্দর থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সফরটি সরকারি কর্মসূচির অংশ বলে জানিয়েছে মন্ত্রণালয়। সফরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তাকর্মচারীরা সফরসঙ্গী থাকবেন।




Explore More Districts