বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার ২৯ জুন সারাদেশের সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ এবং দাখিল স্তরের মাদরাসায় একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করাও ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩টি ফলদ (নারিকেল), ৪টি বনজ (মেহগনি) এবং ১টি ঔষধি (নিম) গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মোতালেব হোসেন সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন মাস্টার, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম কবিতা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোকন মন্ডল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, সহকারী শিক্ষক মোঃ আখতারুজ্জামান, জুলেখা খাতুন, মোহাম্মদ আজিজুর রহমান, বীথি বিশ্বাস, মোঃ আব্দুল বাছেত, মোঃ ফুরকান আলী, মোঃ মোশারফ হোসেন, সাবিনা জাহান, মোঃ হাফিজুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। আয়োজকরা জানান, গাছ রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

