| ১৪ February ২০২৬ Saturday ৩:৪৪:৩১ PM | |
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের কর্মী সমর্থকদের ৪টি বাড়ী, ২টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াতের অফিসে হামলা ও ভাংচুর করেছে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় ২ নারী আহত হয়েছে। এ ঘটনায় দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান কালাম মেম্বারকে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং ০৬)।
উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান কালাম মেম্বারের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী পাটিখালঘাটা গ্রামের জামায়াতে ইসলামী সমর্থক সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদের বাড়ীতে, তার ভাই মরিচবুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। হামলাকারীরা হারুন অর রশিদের কুড়ের কুট (গরুর গো খাবার) আগুন দিয়ে পুড়ে দেয়। হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম (৫৬) মেয়ে সাবিনা (৩০) আহত হয়। একই ইউনিয়নের মোস্তফা মাস্টার, ৪নং ওয়ার্ড বর্তমান ইউপি সদস্য মোঃ রিপনের বাড়ীতে ভাংচুর ও হামলা চালায়। পাটিখালঘাটা বাজারের ঔষুধ ব্যবসায়ী দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানে হামলা করে। পাটিখালঘাটা ইউনিয়ন জামায়াত অফিসে হামলা, ভাংচুর ও লুটপাট করে বিএনপির নেতাকর্মীরা। এ সব ঘটনায় পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফুয়াদ জমাদ্দার (৪২) ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান জানান, পাটিখালঘাটার ঘটনায় একটি মামলা হয়েছে, দুই জনকে গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

