
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – এমপি ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানকে ঘিরে ঢাকার কিছু সড়কে আজ মঙ্গলবার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। এর ফলে রাজধানীর কয়েকটি রুটে যান চলাচলে সাময়িক সমস্যা হতে পারে।
ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, শপথ অনুষ্ঠানের নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময়ের জন্য ঢাকার কিছু সড়ক বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে। এতে প্রায় এক হাজার ২০০ জন দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেই হিসাবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন সরকারের সদস্যদের শপথ পড়াতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হবে।
ডিএমপি জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। সাময়িক ভোগান্তি কমাতে ট্রাফিক বিভাগ বিকল্প সড়ক ও ডাইভারশন পরিকল্পনা করেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ডাইভারশন কার্যকর থাকবে।
ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়কগুলো হলো—
মিরপুর রোড থেকে ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউ: মিরপুর রোড দিয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট বা সোনারগাঁওমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট ও প্রতিরক্ষা গ্যাপ হয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলবে।
আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর), এরপর প্রতিরক্ষা গ্যাপ হয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ে যেতে হবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এসব দিক থেকে আসা যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, সেখান থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ হয়ে আবার বামে মোড় নিয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে যাবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি: মানিক মিয়া অ্যাভিনিউয়ের ব্লকেড সরানো হবে। তাই মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর), আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে চলাচল করতে পারবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে: শপথ অনুষ্ঠান চলাকালে যানজট ও দুর্ভোগ কমাতে ফার্মগেট এক্সিট র্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প চালু থাকবে।
ডিএমপি সব ধরনের যানবাহনের চালকদের সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে নির্ধারিত ডাইভারশন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতাও চাওয়া হয়েছে।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬




