হাটহাজারী থেকে অজ্ঞাত লাশের খন্ডিতাংশ উদ্ধার – দৈনিক আজাদী

হাটহাজারী থেকে অজ্ঞাত লাশের খন্ডিতাংশ উদ্ধার – দৈনিক আজাদী

চট্টগ্রামের হাটহাজারী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৩নং ওয়াডস্থ পূর্ব শিকারপুর গ্রাম থেকে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, উল্লেখিত ওয়ার্ড এলাকার সৈয়দ ভিটার পিছনে বৈদ্যুতিক খুটির পাশের জমিতে একটি লাশের খন্ডিত অংশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬-৪০ মিনিটের দিকে লাশের খণ্ডিত ১টি হাত ও ২টি পা পোড়া এবং শরীর হতে বিচ্ছিন্ন ১টি মাথা এবং মেরুদণ্ডের অংশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

সুরতহাল রিপোর্ট তৈরী করা হাটহাজারী মডেল থানাধীন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাসুক মিয়া জানান, উদ্ধার করা মাথার ডান চোখ নাই, বাম চোখ বন্ধ, ২ কান মাথার সাথে লাগানো, মুখের বিভিন্ন স্থানে এবং নাকে ক্ষত দেখা গেছে। লাশের অংশগুলো পোড়া মনে হয়েছে এবং খন্ডিত অংশগুলো ঘটনাস্থলে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জাহাঙ্গীর এ প্রতিবেদককে মঙ্গলবার রাত দশটার দিকে জানান, আমি এলাকায় ছিলামনা তবে খবরটি শুনেছি।

জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, লাশের পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।

Explore More Districts