মির্জাপুরে ডমিনেশন পেট্রোল পরিচালনা করল যৌথবাহিনী – News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে ডমিনেশন পেট্রোল পরিচালনা করল যৌথবাহিনী – News Tangail | নিউজ টাঙ্গাইল

মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে টাঙ্গাইলের মির্জাপুরে ‘ডমিনেশন পেট্রোল’ পরিচালনা করেছে যৌথবাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ পেট্রোলে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে গঠিত একটি গাড়িবহর। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড, চরপাড়া, পাকুল্যা, জামুর্কী, মির্জাপুর বাইপাস, দেওহাটা, ধেরুয়া ও গোড়াই এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আল জূহেব জানান, দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে পেট্রোলিং কার্যক্রম শুরু হয়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ভোটারদের আশ্বস্ত করতেই এ বিশেষ ডমিনেশন পেট্রোল পরিচালনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারও মনে যেন ভয়-ভীতি না থাকে, সে বার্তা দিতেই সব বাহিনী একসঙ্গে পেট্রোলিং করেছে।

এ সময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, বিজিবির নায়েক সুবেদার ওহাব আলী, র‍্যাব সিপিসি-১৪-এর ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts