গাজীপুরে ৪৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ – Daily Gazipur Online

গাজীপুরে ৪৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ – Daily Gazipur Online

গাজীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৯৩৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হলেও এর মধ্যে প্রায় অর্ধেক, ৪৪০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গাজীপুর জেলা ও মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, মহানগর এলাকায় স্থাপিত ৪০০টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। অপরদিকে জেলার পাঁচটি উপজেলায় ৫৩৫টি কেন্দ্রের মধ্যে ২১৩টিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা ভিত্তিক হিসাবে দেখা গেছে, গাজীপুর সদর উপজেলায় ৪৭টি কেন্দ্রের মধ্যে ৪৪টি, কালিয়াকৈরে ১২৮টির মধ্যে ৯১টি, শ্রীপুরে ১৪৮টির মধ্যে ৯৭টি, কাপাসিয়ায় ১২২টির মধ্যে ৪৬টি এবং কালীগঞ্জে ৯০টির মধ্যে ৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।
নির্বাচনী নিরাপত্তা প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং কেন্দ্রের ভেতরের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভোটকেন্দ্র দখল ও বিশৃঙ্খলা রোধে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ও ভিডিপি, সেনাবাহিনী, বিজিবি এবং র‌্যাব সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন, যা আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।
মো. ইসরাইল হাওলাদার বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে।
এদিকে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সাধারণ ভোটারদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গাজীপুরবাসীর মধ্যে উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। তারা একটি নিরাপদ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব পক্ষের সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভোটের দিন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts