২০২২ বিশ্বকাপের পর নেইমারের সময় কেটেছে চোট আর পুনর্বাসনে। গত সাড়ে তিন বছরে তিনি ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন মাত্র ৪টিতে। এর মধ্যে ২০২৩ সালের সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে ৫–১ গোলের জয়ে দুটি গোল করে পেলের ৭৭ গোলের রেকর্ড ভেঙে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন নেইমার; কিন্তু পরের মাসেই উরুগুয়ের বিপক্ষে চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। সেটিই এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ।
সব মিলিয়ে ২০২২ থেকে ২০২৬—ব্রাজিলের এই চার বছর ছিল অস্থিরতার গল্প। তিন বছরের মধ্যে চার কোচ, কোনো শিরোপা নেই, কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, আর বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম স্থানে থেকে কোনোমতে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা।
একসময় যে দলকে বিশ্বকাপের আগে স্বাভাবিকভাবেই শিরোপার অন্যতম দাবিদার ধরা হতো, সেই ব্রাজিল এবার বিশ্বকাপে এসেছে কিছুটা ভিন্ন পরিচয়ে—প্রশ্ন বেশি, উত্তর কম। এখন দেখার বিষয়, আনচেলত্তির অধীনে এই নতুন অধ্যায়ের শুরুটা কেমন হয়।

