বাংলাদেশ প্রযুক্তির ব্যবহারকারী থেকে উদ্ভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে – DesheBideshe

বাংলাদেশ প্রযুক্তির ব্যবহারকারী থেকে উদ্ভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে – DesheBideshe

বাংলাদেশ প্রযুক্তির ব্যবহারকারী থেকে উদ্ভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে – DesheBideshe

ঢাকা, ২৮ জানুয়ারি – বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেন, দেশে ডিজিটাল পাবলিক অবকাঠামো সম্প্রসারণ, শক্তিশালী ডেটা গভর্ন্যান্স কাঠামো তৈরি এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা বিষয়ক অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের নেওয়া এসব উদ্যোগ প্রযুক্তির জন্য সহায়ক পরিবেশ বিনির্মাণের পাশাপাশি একটি নিরাপদ, স্বচ্ছ ও বিনিয়োগ উপযোগী পরিবেশ গড়ে তুলছে। এসব পদক্ষেপ প্রযুক্তিনির্ভর শিল্পায়নের গতি ত্বরান্বিত করছে, উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করছে এবং দেশের তরুণ উদ্যোক্তাদের বিশ্বমঞ্চে সংযুক্ত করতে সহায়তা করছে বলে তিনি বিশ্বাস করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ আয়োজন করেছে জেনে সন্তোষ প্রকাশ করেন ড. ইউনূস। তিনি জানান, এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’।

অধ্যাপক ইউনূস আরও বলেন, এবারের প্রতিপাদ্য আমাদের দৃঢ় সংকল্পেরই প্রকাশ। এর মাধ্যমে বাংলাদেশ কেবল প্রযুক্তির ব্যবহারকারী দেশ হিসেবে নয়, বরং উৎপাদক, উদ্ভাবক এবং বৈশ্বিক অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করছে। তিনি স্মরণ করিয়ে দেন যে প্রযুক্তির প্রকৃত উদ্দেশ্য কেবল উৎপাদনশীলতা বৃদ্ধি করা নয়। বরং মানুষের দৈনন্দিন জীবনযাপন সহজ করা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং সমাজের বৈষম্য কমানোর ক্ষেত্রেও প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিশেষে প্রধান উপদেষ্টা এক্সপো উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬



Explore More Districts