
ঢাকা, ১৭ জানুয়ারি – রাজধানীর মিরপুরে প্যারিস রোডে সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে। নিহত যুবকের মাথা থেঁতলানো ছিল এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জানা গেছে, মিরপুরের প্যারিস রোডে সিটি করপোরেশনের ছয়তলা এই মার্কেটটি গত দশ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা মার্কেটের নিচতলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তারা পুলিশে খবর দেন।
একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, তিনি লাশটি দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। পুলিশ এসে প্রথমে সেনাবাহিনীর জন্য অপেক্ষা করে। পরে সেনাবাহিনী এলে যৌথভাবে ভেতরে টিম পাঠিয়ে তল্লাশি চালানো হয় এবং নিশ্চিত হওয়া যায় যে সেটি মানুষের মরদেহ।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সুমন। তিনি মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। গত ১২ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান বলেন, নিহত সুমনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। তিনি জানান, পরবর্তী তদন্তের মাধ্যমে দ্রুত বিস্তারিত তথ্য বের করার চেষ্টা চলছে।
হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে নিহতের আত্মীয়স্বজন ছুটে আসেন। তারা জানান, সুমনের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না।
সুমনের এক স্বজন বলেন, সারারাত পরিবারের লোকজন তাকে ফোন করেছিলেন, কিন্তু তিনি কোনো কল রিসিভ করেননি। ভোররাত সোয়া চারটার দিকে তার ফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এরপর তারা থানায় গিয়ে একটি জিডি করেন।
স্বজনরা আরও জানান, সুমন খুবই নিরীহ এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এর আগেও এই পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেটটিতে একাধিকবার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় এক নারী বলেন, প্রায় প্রতি বছরই এখানে মানুষের মৃত্যু হয়।
এ কারণে অপরাধ ঠেকাতে দ্রুত এই মার্কেটটি সংস্কার করা অথবা ভেঙে ফেলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


