শনিবার রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কের দ্য বুকওয়ার্মে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন অনুষ্ঠানের প্যানেল আলোচকেরা। আলোচকেরা বলেছেন, বইটি ভবিষ্যৎ প্রজন্মের সামনে জুলাইয়ের ঐতিহাসিক আন্দোলনের চেতনা তুলে ধরার পাশাপাশি স্মৃতি সংরক্ষণের একটি প্রচেষ্টা। শুধু রাজনৈতিক পরিবর্তনের বিবরণ তুলে ধরা হয়নি, স্বৈরাচারী শাসনের পতনে সাধারণ মানুষের সংকল্প এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার এক গভীর সংকলন।
বইটি সংকলন ও প্রকাশের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন ‘ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন’–এর সদস্যরা। ফাউন্ডেশনের সদস্যরা রাজধানীর দুটি হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনকারীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেন। বইটি সম্পাদনা করেছেন এই ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজওয়ান রহমান। গণ-অভ্যুত্থানটি মোট ৩৬ দিন স্থায়ী হয়েছিল। এই ৩৬ দিনের প্রতিটি দিনের স্মরণে বইটিতে ৩৬টি বিশেষ গল্প সংকলিত করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থীরা নেতৃত্ব দিলেও রিকশাচালক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ফটোসাংবাদিক, পোশাকশ্রমিক, মুদিদোকানি, নার্সদের মতো সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন—সেই বয়ানই গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। আন্দোলনে গিয়ে যাঁরা আহত হয়েছেন, তাঁদের ভোগান্তির কথাও গুরুত্ব পেয়েছে। বইটির জন্য ৫০ জন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যাঁরা সরাসরি আন্দোলনে যুক্ত ছিলেন। প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বইটির ডিস্ট্রিবিউটর।

