| ২৮ December ২০২৫ Sunday ৮:২০:১০ PM | |
নিজস্ব প্রতিনিধি:

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- আমরা ওসিলা তথা মাধ্যমকে বিশ্বাস করি। সর্বপ্রথম ওসিলা প্রদান করেছেন হযরত আদম (আঃ)। তারপর যুগে যুগে বিভিন্ন নবী-রাসূল, সাহাবায়ে কেরাম, নেককার বান্দাগণ বিভিন্ন সময়ে ওসিলাকে অন্বেষণ করেছেন। মানুষের নেক আমল তার সৌভাগ্যের ওসিলা, পক্ষান্তরে বদ আমল পদস্খলনের ওসিলা। আর উম্মতের নাজাতের ওসিলা প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ)। আজকাল আলেম নামধারী একদল লোক অসিলাকে অস্বীকার করছে অথচ প্রতিটি কাজ সম্পাদন হওয়ার ক্ষেত্রেই ওসিলা তথা মাধ্যম অন্বেষণ করা আবশ্যক। যারা অছিলাকে অস্বীকার করে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই। তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে ব্যক্তির সাজসজ্জা বা চেহারা দেখে অনুসরণ করা যায় না, কাউকে অনুসরণ করতে হলে তার ঈমান, আখলাক, আমল ও আক্বীদা দেখে অনুসরণ করতে হবে।
পীর ছাহেব কেবলা আরও বলেন- সঠিক আকীদার সকল মাসলাকের অনুসারীগণ যার যার মত প্রকাশের অবকাশ রয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের শাখা মাসআলার মতভেদ নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা ফেতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। কিন্তু যারা সরাসরি আল্লাহর হুকুমের উপরে নিজেদের বিভ্রান্ত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সমাজে নিজেদের প্রণীত হুকুমকে প্রাধান্য দেয় তাদের সাথে কোন ধরনের আপোষ চলবে না। মুসলমান জাতির বৃহত্তর স্বার্থে আমরা দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই, কিন্তু সেটা হতে হবে অবশ্যই ইস্যুভিত্তিক।
গতকাল বরিশালের আমানতগঞ্জ মাওলানা মির্জা ইয়াছিন মঞ্জিলে ওলিয়ে কামেল হযরত মাওলানা মির্জা ইয়াছিন বেগ (রহঃ), ছারছীনার মরহুম পীর বাহরে শরীয়ত হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) ও মরহুম হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ (রহঃ) ত্রয়ের বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
আলহাজ্ব মাওলানা মির্জা কেফায়েতুর রহমানবেগের সভাপতিত্বে উক্ত মাহফিলে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর ও বরিশালের ঔতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদেরর খতিব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

