পুঁথিগত বিদ্যার বাইরে গিয়েও শিখতে হবে। বর্তমান সময়ের চাহিদা মোতাবেক নিজেকে প্রস্তুত করতে হবে। বাংলাদেশের জন্য, পৃথিবীর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালায় বক্তারা এ কথা বলেন।
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) গতকাল শনিবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। মুঠোফোন ব্র্যান্ড অনার বাংলাদেশের সৌজন্যে ও খুলনা বন্ধুসভার সহযোগিতায় নেতৃত্ব, যোগাযোগ, পারসোনাল ব্র্যান্ডিং, ক্যারিয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিতর্ক ও উপস্থাপনার বিষয়ে ‘স্মার্ট স্কিলস’ শীর্ষক এ কর্মশালায় অংশ নেন খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, মোংলা ও কয়রা বন্ধুসভার বন্ধুরা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী।


