সুনামগঞ্জের দিরাই পৌর শহরের পুলের মুখ থেকে থানা পয়েন্ট পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে দোকানপাট বসিয়ে দখল করে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে নারী, পুরুষ,স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। মাঝে মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হলেও কার্যত কোনো স্থায়ী সমাধান মিলছে না।
খোঁজ নিয়ে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কের আশপাশে অবস্থিত দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাবেয়া মেমোরিয়াল একাডেমি এবং দুটি মাদ্রাসা। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করলেও রাস্তার উপর দোকানপাট ও অনিয়ন্ত্রিত অটোরিকশার কারণে চলাচলে সৃষ্টি হচ্ছে মারাত্মক ঝুঁকি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইজারাদার, কিছু দোকান মালিক, বাজার কমিটির প্রভাবশালী ব্যক্তি এবং পৌরসভার অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ ও আর্থিক স্বার্থের কারণেই অবৈধ দখল উচ্ছেদ কার্যকর হচ্ছে না। প্রশাসন অভিযান চালিয়ে দোকান সরিয়ে দিলেও কিছু সময় পর আবারও আগের অবস্থায় ফিরে যায় সবকিছু।
এদিকে বাজারে আগত নারীরা চলাচলের সময় প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্কুল শিক্ষার্থীদের অভিভাবকরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সচেতন মহল মনে করছে, শুধু মোবাইল কোর্ট পরিচালনা নয়, স্থায়ীভাবে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে কঠোর প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। একইসঙ্গে অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণেও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

