চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের সংসদীয় প্রতিযোগিতা ‘নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভা ২০২৫’। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস) এবং লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)।
শুক্রবার চবি’র আইন অনুষদের একেখান অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের অধ্যাপক এ বি এম আবু নোমান, সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল করিম এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম শান্তু।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আসাদুজ্জামান বলেন, “আইন শুধু আদালতের জন্য নয়, বরং প্রত্যেক নাগরিকেরই আইন এবং দেশের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে জানা উচিত। চার বছর আইন অধ্যয়ন করেও অনেক শিক্ষার্থী সমাজে পরিবর্তন আনতে পারে না। কিন্তু ‘নিলস-এলইবি ২০২৫’ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি প্রমাণ করে যে যুবসমাজই দেশের বাস্তবতা গভীরভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম এবং ভবিষ্যৎ আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
আয়োজনের আহ্বায়ক রাব্বী তৌহিদ বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করি এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।”
ইতিমিনান মনির বাসিলিস (চবি) ও তানজিম মালিহা তাহা (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি) যৌথভাবে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে দেশের ৪০টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন শতাধিক শিক্ষার্থী।
এসসি/সিটিজিনিউজ

