কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
২৩ June ২০২৬ Tuesday ১২:১৪:১৮ AM
আমাদের বরিশাল ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কর্মসূচি, ঝটিকা মিছিল ও প্রচারণার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযান চলছে। বরিশালে গত ৮দিনে পদধারী নেতা সহ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আজ ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিদেশে অবস্থানরত দলটির কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা এবং দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে এসেছে। পুলিশ বলছে, এসব কর্মকা-ের মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ জুন রাত থেকে ২২ জুন দুপুর পর্যন্ত বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী মেরিনা এবং ৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আসিফকে আটক করা হয়েছে। এর আগে ১৯ জুন বরিশাল মডেল থানা পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনসহ ১৯ জনকে আটক করে। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতাকর্মীরা পৃথকভাবে কয়েকটি ঝটিকা মিছিল বের করে। ১৮ ও ১৯ জুন নগরীর বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। এরপরই ভিডিও বিশ্লেষণ করে অভিযানে নামে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন : নগরীর ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, মহানগর আ.লীগের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আসাদুজ্জামান লিটন রাঢ়ী, তার ভাই হাসান খন্দকার, যুবলীগ নেতা আতিকুর রহমান, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কালাম মোল্লাসহ আরও কয়েকজন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি গোপনে মিছিল করে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। অধিকাংশ ক্ষেত্রেই অংশগ্রহণকারীরা মুখে মাস্ক ব্যবহার করায় শনাক্ত করতে সময় লাগছে। তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২২ জুন দুপুর পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। এর আগে আরও ১৯ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।” কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরজিত নাথ বলেন, “অভিযানের সময় এক আওয়ামী লীগ নেতা পালানোর চেষ্টা করেন। পরে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া গত কয়েক দিনে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে।” বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, “আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন। তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগরজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” জেলা পুলিশ সুপার বলেন, “জেলার প্রতিটি উপজেলায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে কাজ করছেন। এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সুনির্দিষ্ট সংখ্যা যাচাই করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল, নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প