রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

জুমবাংলা ডেস্ক : সিনিয়র সচিব পদমর্যাদায় যুক্তরাষ্ট্রে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তার নাম ফাহিম আহমদ।

জানা গেছে, অভিযুক্ত ফাহিম আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কিছু সরকারি দপ্তরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে নানা ধরনের তদবির, বদলি ও স্কুলে ভর্তির চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। পরে প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিক ফজল আনসারী। এর প্রেক্ষিতে কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী।

বিষয়টি জানতে পেরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম এর দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর) দেবাশীষ দাশের তত্ত্বাবধানে প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে শুক্রবার (৩ জানুয়ারি) কোতোয়ালী থানাধীন রায়নগর এলাকা থেকে ফাহিমকে গ্রেফতার করা হয়।

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সাবধান থাকতে হবে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণের পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, প্রতারক ফাহিম আহমেদ বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিলো। যার বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে।

Explore More Districts