দেশে আগামীদিনে শিক্ষিত তরুণদের নেতৃত্বের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়াতে ঢাকাস্থ হাতিয়া ছাত্র ফোরামের ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
আব্দুল হান্নান মাসউদ বলেন, দেশে আগামীদিনে শিক্ষিত তরুণদের নেতৃত্ব প্রয়োজন। সৎ নেতৃত্ব প্রয়োজন। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সবকিছুর পরিবর্তন করতে হবে।
জন্মভূমি হাতিয়া’র বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি বলেন, গত ১০ বছরে আমাদের হাতিয়াতে কোনো কাজ হয়নি। প্রতিটি ক্ষেত্রে জনপ্রতিনিধিরা লুটপাট করে খেয়েছে। চোর বাটপাররা এতদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন। এখন থেকে পরিবর্তন করতে হবে। আমাদের দীপাঞ্চলের মানুষের জন্য ভালো কিছু করতে হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত থাকা সকলের উদ্দেশ্যে আব্দুল হান্নান মাসউদ বলেন, আপনারা সকলে মিলে সঙ্গ দিন, আমরা হাতিয়াকে পরিবর্তন করে ফেলবো। হাতিয়ার ২০ বছর ধরে যে কাজ হয়নি, আমরা সে কাজ করবো।
তিনি আরও বলেন, ভূমিহীনদের জন্য সরকারের পক্ষ থেকে ১০ বছর আগে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু কেউ কোনো জমি পাইনি। এখনো পর্যন্ত কেউ পাইনি। ধান্ধাবাজরা এখনো টাকা খাচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, দ্বীপ হাতিয়ার ৯৯ টি ওয়ার্ডের জন্য ভালো প্রতিনিধি বাছাই করতে হবে। সৎ এবং ভালো নেতৃত্ব প্রয়োজন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মো. আজম, হাতিয়া দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম, ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. জাহেদুল আলম, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. শরীফ উদ্দীন প্রমুখ।


