ইসকনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে – Chittagong News

ইসকনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে – Chittagong News

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অযথা দায়ী করার অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার(২৮নভেম্বর) ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

চারু চন্দ্র দাস জানান, চিন্ময় কৃষ্ণ দাসসহ লীলারাজ গৌর দাস ও স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অনেক আগেই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ইসকনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, “তাদের কোনো বক্তব্য বা কার্যক্রমের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের মুখপাত্র নন, তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত।”

সাধারণ সম্পাদক বলেন, “ইসকন বাংলাদেশকে লক্ষ্য করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। সড়ক দুর্ঘটনাকেও ইসকনের চক্রান্ত বলে চালানোর চেষ্টা চলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও জানান, “আমরা একাধিকবার সরকারের কাছে এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছি। তবুও কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে ইসকনকে বিতর্কিত করার চেষ্টা করছে এবং সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি তুলছে, যা অযৌক্তিক।”

ইসকন বাংলাদেশের পক্ষ থেকে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে চারু চন্দ্র দাস বলেন, “যে কোনো মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আমাদের সংগঠন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেবে।”

এমভি/সিটিজিনিউজ

Explore More Districts