সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও একাধিকবার নির্বাচিত ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ (যোগদান) করেন।
গুরুত্বপূর্ণ এই দায়িত্ব গ্রহণের পর রেজাউল হাসান কয়েস লোদী মহান আল্লাহ তায়ালার দরবারে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দৈনিকসিলেটডটকমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জাতীয় লক্ষ্য বাস্তবায়নে এবং সিলেটের সার্বিক উন্নয়নে তিনি সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। তিনি সিলেটকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সিলেটের পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, যানজট সমস্যা হ্রাস এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশ্বাস দেন।
উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতার পাশাপাশি রেজাউল হাসান কয়েস লোদী সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এবং একাধিকবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল পর্যায় থেকে নগরবাসীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদার সঙ্গে তার নিবিড় পরিচয় রয়েছে। ফলে নগর পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে তার অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নগরবাসীর প্রত্যাশা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তার নেতৃত্বে দীর্ঘদিনের নানা উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই সিলেট গড়ে তোলার নতুন অধ্যায়ের সূচনা হবে। বিশেষ করে দ্রুত নগরায়ণের এই সময়ে আবাসন, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
