আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে নাগর দোলার লোহার এ্যাংগেল চুরির অভিযোগে দুই চোরকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। চুরি করা এ্যাংগেল বিক্রির সময় স্থানীয় লোকজনের তৎপরতায় চোরদের আটক করা সম্ভব হয়।
আটককৃতরা হলেন মোঃ আরমান উদ্দিন জিসান (১৯) এবং মোঃ ওসমান শামীম জয় (১৮)। উভয়ের বাড়ি আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে চুরির ঘটনাটি ঘটে যখন চোরেরা নাগর দোলার লোহার এ্যাংগেল চুরি করে বিক্রির চেষ্টা করছিল। এ সময় স্থানীয় জনগণ চোরদের আটক করে এবং পরবর্তীতে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।
আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত জানান, আটককৃত দুইজন পেশাদার চোর। তারা স্থানীয় এলাকায় বিভিন্ন সময় চুরির ঘটনায় সম্পৃক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। সেনাবাহিনী তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এরকম ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখা হচ্ছে। এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসসি/এমভি/সিটিজিনিউজ

