
ঢাকা, ২২ এপ্রিল – প্রতি বছর ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের জন্য আনুষ্ঠানিক পরিপত্র জারি করেছে সরকার।বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই পরিপত্রটি জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর ৭ নভেম্বর ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। এই সিদ্ধান্ত যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের জন্যও আলাদা একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ১৬ এপ্রিল নতুন সরকার ৭ নভেম্বরকে পুনরায় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। দিনটিতে সরকারি ছুটি বহাল থাকবে।
মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ওইদিন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, গত ১৬ বছর ধরে এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। এখন থেকে এটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং এদিন সরকারি ছুটি থাকবে। অন্যদিকে ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালন করা হলেও এদিন কোনো সরকারি ছুটি থাকবে না।
এনএন/ ২২ এপ্রিল ২০২৬




