ভারতের অন্যতম সেরা এবং মূলত বামপন্থী ভাবাপন্ন এই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হলেও এর নিয়ন্ত্রণে নেতৃত্ব দিয়ে আসছে বামপন্থী ছাত্র ও যুব সমাজই। এই তাণ্ডবের প্রতিবাদে গতকাল সোমবার কলকাতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলো। এসএফআই, ডিওয়াইএফআই, ডিএসও, এআইডিএসও ও এআইএসএসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি শিয়ালদহ থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিটে গিয়ে শেষ হয়। মিছিল থেকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত এবিভিপি নেতাদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়।
অন্যদিকে একই দিনে পাল্টা প্রতিবাদ মিছিল করেছে বিজেপিপন্থী বুদ্ধিজীবীদের সংগঠন ‘সচেতন নাগরিক ও প্রবুদ্ধ সমাজ’। ‘শিক্ষা বাঁচাও, বিশ্ববিদ্যালয় বাঁচাও’ স্লোগান নিয়ে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া থেকে শুরু হওয়া মিছিলটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট হয়ে এইট-বি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা বিশ্ববিদ্যালয়ে ‘কমিউনিস্ট চক্রান্ত’ বন্ধ করে শান্তি ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। মিছিল চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়।
