২৪ নভেম্বর মহাসমাবেশের ঘোষণা ৩৫ প্রত্যাশীদের – DesheBideshe

২৪ নভেম্বর মহাসমাবেশের ঘোষণা ৩৫ প্রত্যাশীদের – DesheBideshe

২৪ নভেম্বর মহাসমাবেশের ঘোষণা ৩৫ প্রত্যাশীদের – DesheBideshe

ঢাকা, ১৭ নভেম্বর – আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এবং শর্তসাপেক্ষে উন্মুক্তের দাবিতে আগামী ২৪ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে ৩৫ প্রত্যাশী ঐক্য পরিষদ।

আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মাঠে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ৩৫ প্রত্যাশী আন্দেলনের অন্যতম সংগঠক আল-আমিন রাজু।

তিনি বলেন, ‘গত ৩০ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে গিয়েছিলাম। এরপর সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে নিয়ে একটি কমিশন গঠন করা হয়। যেখানে সিদ্ধান্ত হয়, ছেলেদের বেলায় ৩৫ এবং মেয়েদের বেলায় ৩৭ করার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে সেই সিদ্ধান্তের ব্যাপারে দৃশ্যমান কোন পদক্ষেপ না নিয়ে ৩২ করা হলো। এজন্য বারংবার আমাদের রাজপথে নামতে হচ্ছে। গত ৩১ অক্টোবর শাহবাগ থেকে সচিবালয় পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল, সেখানে পুলিশের হামলায় ১৭ জনের মতো আহত হয়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই তরুণ যুবকদের আর্তনাদ ৩৫ দাবি, সেটি যেন অবিলম্বে বাস্তবায়ন করা হয়।’

শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দিয়ে আল-আমিন রাজু বলেন, ‘সারা বাংলাদেশে ৬৪ জেলায় যে কমিটি রয়েছে, সবার সবার সঙ্গে আলোচনা করে ৩৫ দাবিতে ২৪ নভেম্বর মহাসমাবেশ করব। অন্তত পক্ষে ৫ হাজার ৩৫ প্রত্যাশীদের জমায়েত হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে, আমরা অহিংস পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব।’

এ সময় অন্যান্যদের মধ্যে ৩৫ প্রত্যাশী আন্দোলনের সঙ্গে যুক্ত সঞ্জয় দাস, আবুল হাসনাত, মাহবুবুর রহমান, এম আলম মুরাদ, মমিন প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তিতে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের কথা জানানো হয়।

এদিকে ওই বৈঠকে বিসিএসে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবে। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। ওইদিন সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্ত প্রত্যাখান করে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৭ নভেম্বর ২০২৪



Explore More Districts