সারাদেশে কলেরার গণটিকাদান কর্মসূচি শুরু, লক্ষ্য ৫১ লাখ মানুষ – DesheBideshe



ঢাকা, ২২ আগস্ট – কলেরা প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৬’। শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম ডোজ চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। পরবর্তী ধাপে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে।

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অডিটরিয়ামে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

একই সময়ে রাজধানীর তেজগাঁওয়ে অপর এক কর্মসূচির মাধ্যমে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সরকারের এই উদ্যোগের আওতায় দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় টিকা প্রদান করা হবে। এক বছর বা তার বেশি বয়সী সকল নাগরিক এই টিকা গ্রহণ করতে পারবেন। তবে গর্ভবতী নারীদের এই কার্যক্রমের আওতামুক্ত রাখা হয়েছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে বিনামূল্যে টিকা খাওয়ানো হবে। সম্পূর্ণ সুরক্ষার জন্য দুই সপ্তাহের ব্যবধানে মোট দুটি ডোজ গ্রহণ করতে হবে। সারা দেশে সব মিলিয়ে ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার ১৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট এলাকাগুলোতেও এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য যে, কলেরার জীবাণু সংক্রমণ প্রতিরোধে মুখে খাওয়ার এই টিকা কয়েক বছর পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করে। টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

এনএন/ ২২ আগস্ট ২০২৬



Explore More Districts