
মুম্বাই, ১৬ এপ্রিল – বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত ২০২৬ সালের টাইম ১০০ তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার পাশাপাশি এই তালিকায় জায়গা করে নিয়েছেন প্রখ্যাত শেফ বিকাশ খন্না এবং প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব সুন্দর পিচাই। বিনোদন, রন্ধনশৈলী ও প্রযুক্তিতে অবদানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছেন এই তিনজন। তারা অর্থনীতি, ক্রীড়া ও শিল্প খাতের বিশ্বসেরা ব্যক্তিত্বদের সঙ্গে এক কাতারে উঠে এসেছেন।
রণবীর কাপুরের এই অর্জনে অভিনন্দন জানিয়ে অভিনেতা আয়ুষ্মান খুরানা বলেন যে কিছু অভিনেতা উত্তরাধিকার সূত্রে ঐতিহ্য বজায় রাখেন আর কিছু অভিনেতা কাজের মাধ্যমে নিজেই একটি ইতিহাস হয়ে ওঠেন। রণবীর দ্বিতীয় ঘরানার। তিনি আরও বলেন যে রণবীর শুধু একজন তারকা নন বরং একজন বিশ্বমানের গল্পকার যিনি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন। বর্তমানে রামায়ণ প্রজেক্টে যুক্ত থাকা রণবীরকে তিনি ভারতের সাংস্কৃতিক সেতু হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে তালিকায় জায়গা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শেফ বিকাশ খন্না। এক বিবৃতিতে তিনি বলেন যে এটি আমাদের ঐতিহ্যের জয় যা বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে এই সম্মান ভারতের তরুণদের স্বপ্ন পূরণে এবং বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে অনুপ্রাণিত করবে। এই সাফল্যের কৃতিত্ব তিনি তার দাদি, মা ও বোনকে উৎসর্গ করেন। প্রযুক্তি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তালিকায় স্থান পেয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। এবারের টাইম ১০০ তালিকায় আরও রয়েছেন ফ্যাশন জগতের রালফ লরেন, হলিউড অভিনেত্রী কেট হাডসন, অভিনেতা ইথান হক এবং মহাকাশচারী মার্ক কেলির মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬




