দেশের ১৪টি জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে যখন দেশের জনজীবন অতিষ্ঠ, তখন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৩ মে) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়েও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির তথ্যমতে, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।
Zoom Bangla News
inews.zoombangla.com

