দক্ষিণ কোরিয়ার গণ্ডি পেরিয়ে দুনিয়াজুড়ে আলোড়ন তোলে ‘গবলিন’। ২০১৬ সালে প্রচারিত কে ড্রামাটি ১০ বছর পরও ভক্তদের কাছে জনপ্রিয়।
এক দশক পূর্তি উপলক্ষে আড্ডায় মজলেন গং ইউ, ইউ ইন-না, কিম গো-উন ও লি ডং-উক।
পুরোনো দিনের স্মৃতি, শুটিংয়ের অভিজ্ঞতা আর বন্ধুত্বের গল্পে ভক্তদের আবেগী করে তুলেছেন তাঁরা।
কোরীয় টেলিভিশন চ্যানেল টিভিএন শনিবার প্রচার করেছে বিশেষ অনুষ্ঠান ‘গবলিন টেন্থ অ্যানিভার্সারি ট্রিপ’–এর প্রথম পর্ব।
এই বিশেষ অনুষ্ঠানে তাঁরা যান দক্ষিণ কোরিয়ার গাংনিউং শহরে। সেখানে ‘গবলিন’–এর বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছিল।
নাটকে গং ইউ অভিনয় করেছিলেন অমর গবলিন কিম শিন চরিত্রে। কিম গো-উন ছিলেন তাঁর কনে জি উন-তাক চরিত্রে। ১০ বছর পর আবার তাঁদের একসঙ্গে দেখা যায়। ইউ ইন-না ও লি ডং-উকও ফিরে দেখেন নাটকের স্মৃতি এবং তাঁদের চরিত্রের কথা।
গং ইউ বলেন, ‘“গবলিন” এখনো শীত এলেই মানুষের মনে পড়ে। এই নাটক আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল শীতের স্মৃতি।’


