হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহিন আর নেই – দৈনিক আজাদী





চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকসার সংর্ঘষে গুরুতর আহত হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিন (২০) দুর্ঘটনার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো.আবু তালেব মাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহিম উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ মুকিম চৌধুরী বাড়ির মাহাবুল আলমের পুত্র।

জানা গেছে, গত বুধবার ২ সেপ্টেম্বর বুধাবার দুপুরের দিকে কয়েকজন পরীক্ষার্থী সিএনজি চালিত অটোরিকসা যোগে হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষায় অংশ নিতে আসার পথে উল্লেখিত স্থানে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (চট্টমেট্টো গ ১৩-২৬২৫) মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি অটোরিকশাটি ও কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে সিএনজি অটোরিকশা চালক ও শিক্ষার্থীরা গুরুতর আহত হয়।

পরে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়।

এদিকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অটোরিকশা চালক এরশাদের মৃত্যু হয়। অপরদিকে গুরুতর মাহিনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত দুইদিন পূর্বে তাকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়।




Explore More Districts