হলিউডের নতুন সিনেমায় অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া – DesheBideshe

হলিউডের নতুন সিনেমায় অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া – DesheBideshe



হলিউডের নতুন সিনেমায় অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া – DesheBideshe

ওয়াশিংটন, ২৩ মে – হলিউড সিনেমায় আবারও বড় পর্দায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। জনপ্রিয় এই অভিনেত্রী এবার জুটি বাঁধতে চলেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত তারকা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে। থ্রিলার ঘরানার এই সিনেমার নাম রাখা হয়েছে ‘রিসেট’।

চলচ্চিত্রটি পরিচালনা করবেন ম্যাট স্মাকলার, যিনি এর আগে ২০২২ সালে ‘ওয়াইল্ডফ্লাওয়ার’ নির্মাণ করে পরিচিতি লাভ করেছেন। ফিল্মফেয়ারের তথ্য অনুযায়ী, জর্ডান রলিন্সের লেখা গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হবে সিনেমাটি। চলতি বছরের অগাস্ট মাস থেকেই এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

নির্মাতা স্মাকলার এই জুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন যে, তারা এমন একটি জুটির সন্ধানে ছিলেন যাদের মধ্যে আকর্ষণ ও রহস্যময়তার এক চমৎকার সংমিশ্রণ থাকবে। প্রিয়াঙ্কা এবং অরল্যান্ডো এই দুই বিষয় ফুটিয়ে তুলতে সক্ষম বলে তিনি মনে করেন। অভিনয়ের পাশাপাশি তারা দুজনেই এই সিনেমার প্রযোজনায় যুক্ত রয়েছেন।

প্রিয়াঙ্কার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পিবল পিকচার্স এবং অরল্যান্ডো ব্লুমের অ্যামেইজিং আউলসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান এই প্রকল্পে বিনিয়োগ করছে। সিনেমার কাহিনী গড়ে উঠেছে অতীত স্মৃতি হারানো এক নারীকে কেন্দ্র করে, যিনি নিজেকে এক নির্জন পরিবেশে আবিষ্কার করেন।

সেখানে তাকে পরিস্থিতির চাপে রহস্যময় এক ব্যক্তির ওপর নির্ভর করতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা নিজেই নতুন এই সিনেমার খবরটি ভক্তদের জানিয়েছেন। তার এই ঘোষণায় বিনোদন জগতের অনেক তারকা তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রিয়াঙ্কাকে এর আগে কার্ল আরবানের সঙ্গে ‘দ্য ব্লাফ’ সিনেমায় দেখা গিয়েছিল এবং আগামী বছর তার নতুন আরেকটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এস এম/ ২৩ মে ২০২৬



Explore More Districts