নর্থরপ গ্রুম্যানের সহযোগী প্রতিষ্ঠান স্পেসলজিস্টিকস পরিচালিত এমআরভি এমইপি মিশনের লক্ষ্য হলো কক্ষপথে থাকা পুরোনো উপগ্রহে অতিরিক্ত চালিকাশক্তি যুক্ত করে সেগুলোর কার্যকাল আরও কয়েক বছর বাড়ানো। এমআরভির গন্তব্য পৃথিবী থেকে প্রায় ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার ওপর থাকা ভূস্থির কক্ষপথ। যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ ও নজরদারির কাজে ব্যবহৃত অধিকাংশ বাণিজ্যিক স্যাটেলাইট এই কক্ষপথে অবস্থান করে।
স্পেসএক্সের মহাকাশযানটিতে যুক্তরাষ্ট্রের নেভাল রিসার্চ ল্যাবরেটরিতে তৈরি ১০ ফুট লম্বা দুটি রোবোটিক হাত রয়েছে। কক্ষপথে পৌঁছানোর পর হাতগুলোর সাহায্যে তিনটি পৃথক স্যাটেলাইটে একটি করে মিশন এক্সটেনশন পড সংযুক্ত করা হবে। এগুলো স্যাটেলাইটকে কক্ষপথে নির্ধারিত অবস্থানে রাখতে এবং গতিপথ নিয়ন্ত্রণে সহায়তা করবে। ফলে প্রতিটি স্যাটেলাইটের কার্যকালের মেয়াদ সর্বোচ্চ আট বছর পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। তিনটি পডের একটি ব্যবহার করবে অস্ট্রেলিয়ার স্যাটেলাইট অপারেটর অপটাস। বাকি দুটি ব্যবহার করবে ইনটেলস্যাট।
