সৌদি-ইরান সংঘাতে পাকিস্তান উদ্বিগ্ন: প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাড়ছে চাপ – DesheBideshe

সৌদি-ইরান সংঘাতে পাকিস্তান উদ্বিগ্ন: প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাড়ছে চাপ – DesheBideshe



সৌদি-ইরান সংঘাতে পাকিস্তান উদ্বিগ্ন: প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাড়ছে চাপ – DesheBideshe

ইসলামাবাদ, ১৭ জুলাই – ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান।

ইসলামাবাদ মনে করছে, পরিস্থিতির অবনতি হলে সৌদি আরবের প্রতি তাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা অঙ্গীকার রক্ষা করা কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের বর্তমান ভূমিকাও সংকটে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

রয়টার্সের একটি বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে যে, পারমাণবিক শক্তিধর পাকিস্তান গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা প্রশমনে একটি অন্তর্বর্তী সমঝোতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত বছর সৌদি আরবের সঙ্গে দেশটির একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় যার অধীনে বর্তমানে সেখানে কয়েক হাজার পাকিস্তানি সেনা ও একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন মোতায়েন রয়েছে।

পাকিস্তানের এক শীর্ষ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের ওপর কোনো ধরনের হামলাকে পাকিস্তান সরাসরি নিজেদের ওপর হামলা হিসেবে গণ্য করে। হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ইতিমধ্যেই ইরানকে এ বিষয়ে কড়া বার্তা পাঠিয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক মুহাম্মদ আমির রানার মতে, আঞ্চলিক এই উত্তেজনা এত দ্রুত বৃদ্ধি পাবে তা আগে ধারণা করা যায়নি। বিশেষ করে ইয়েমেন সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থানরত পাকিস্তানি সেনারা সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে লোহিত সাগরে সংঘাত ছড়িয়ে পড়লে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যপথ এবং জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক মুহাম্মদ আলীর মতে, ইরানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সামরিক বাহিনীর প্রভাব ক্রমাগত বাড়ছে যা ইসলামাবাদ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক বিবৃতিতে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছেন যে, দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সংলাপ ও কূটনীতির কোনো বিকল্প নেই।

এনএন/ ১৭ জুলাই ২০২৬



Explore More Districts