টাঙ্গাইলের মধুপুরে বাসের চাপায় হুমায়ুন কবির (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মধুপুর বাসস্ট্যান্ডের ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের মোল্লাবাড়ী গ্রামের শামসুল হকের ছেলে। তিনি মির্জাবাড়ী বাজারে টেলিকম ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হুমায়ুন কবির মোটরসাইকেল নিয়ে মধুপুর বাসস্ট্যান্ড অতিক্রম করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে চলাচলকারী প্রান্তিক সার্ভিসের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

