সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই সৌদি আরবের আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে।
এ ছাড়া কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর মাত্র এক মাস বয়সী কন্যাশিশুও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
একই দুর্ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাতজনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে একই পরিবারের একাধিক সদস্য ও এক মাস বয়সী শিশুর মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
এ ঘটনায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানতে স্বজন ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

