সৌদিতে চাকরির প্রলোভনে প্রায় ৬ লাখ টাকা আত্মসাৎ, যুবকের ৩ বছরের কারাদণ্ড

সৌদিতে চাকরির প্রলোভনে প্রায় ৬ লাখ টাকা আত্মসাৎ, যুবকের ৩ বছরের কারাদণ্ড

সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ছয় লাখ টাকা আত্মসাতের দায়ে বাঘারপাড়া উপজেলার জসিম উদ্দীনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দীন বাঘারপাড়া উপজেলার বড় খুদড়া গ্রামের বন্দে আলী বিশ্বাসের ছেলে।

মামলার নথি অনুযায়ী, জসিম নিজেকে ‘শামীম’ পরিচয়ে চৌগাছার আবু বক্কারকে সৌদি আরবে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ২০২৪ সালের ২৫ অক্টোবর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ৫ লাখ ৯১ হাজার ৮২৫ টাকা নেন। পরে বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করে আত্মগোপনে চলে যান।

টাকা ফেরত চাইতে গেলে তিনি তা অস্বীকার করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে মামলায় উল্লেখ করা হয়। পরে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা আইন এবং প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোট তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। বর্তমানে জসিম উদ্দীন কারাগারে রয়েছেন।

Explore More Districts