ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল: ৫ জেলায় নতুন করে বন্যার আশঙ্কা – DesheBideshe

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল: ৫ জেলায় নতুন করে বন্যার আশঙ্কা – DesheBideshe



ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল: ৫ জেলায় নতুন করে বন্যার আশঙ্কা – DesheBideshe

ঢাকা, ১৯ জুলাই – দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

রবিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে সংশ্লিষ্ট জেলাগুলোর নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ার ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

অন্যদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি আগামী পাঁচ দিন বাড়া অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোতেও বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাওয়ায় আগামী কয়েক দিন দেশের সার্বিক বন্যা পরিস্থিতির ওপর গভীর নজরদারি রাখা হবে।

এনএন/ ১৯ জুলাই ২০২৬



Explore More Districts