সেপ্টেম্বরের কোন ১০ সিনেমা–সিরিজ না দেখলেই নয়

ওটিটি
‘গান্ধারী’, নেটফ্লিক্স
মায়ের ভালোবাসার কাছে ভয় কতটা শক্তিশালী? সন্তানের জীবন বিপন্ন হলে একজন মা কত দূর যেতে পারেন? এসব প্রশ্নকে কেন্দ্র করেই তৈরি হয়েছে তাপসী পান্নুর নতুন ছবি গান্ধারী। অ্যাকশন, থ্রিলার, রহস্য আর এক মায়ের আবেগঘন লড়াই—সব মিলিয়ে নেটফ্লিক্সের নতুন ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে মুক্তির আগেই। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। তাঁর চরিত্রের নাম বাণী—এক মা, যার জীবনের সবচেয়ে ভয়ংকর দুঃস্বপ্ন শুরু হয় নিজের মেয়েকে হারিয়ে ফেলার পর। গল্পের শুরু একটি অপহরণকে ঘিরে। বাণীর ছোট মেয়েকে অপহরণ করা হয়। ঘটনার মধ্যে ভয়াবহ হামলার শিকার হয়ে বাণী হারান তাঁর দৃষ্টিশক্তিও। একদিকে নিজের অন্ধত্ব, অন্যদিকে মেয়েকে হারানোর অসহ্য যন্ত্রণা—সব মিলিয়ে তাঁর জীবন যেন মুহূর্তেই বদলে যায়। কিন্তু বাণী হার মানার মানুষ নন। মেয়েকে ফিরে পাওয়ার জন্য তিনি নিজেই নেমে পড়েন বিপজ্জনক এক অনুসন্ধানে। ছবিটি পরিচালনা করেছেন দেবাশিস মাখিজা।

‘দ্য জেন্টেলমেন’, নেটফ্লিক্স
ব্রিটিশ অভিজাত সমাজ, বিলাসবহুল প্রাসাদ, মাদক ব্যবসা, গ্যাংস্টারদের ক্ষমতার লড়াই আর গাই রিচির স্বভাবসুলভ তীক্ষ্ণ রসবোধ—সব মিলিয়ে ২০২৪ সালে নেটফ্লিক্সে আলোচনায় এসেছিল ‘দ্য জেন্টেলমেন’। এবার আরও বড় পরিসরে ফিরছে সিরিজটির দ্বিতীয় মৌসুম। প্রথম মৌসুমে এডি হর্নিম্যান ছিলেন এমন এক ব্যক্তি, যিনি অনিচ্ছা সত্ত্বেও অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু দ্বিতীয় মৌসুমে সেই এডিই আর আগের মানুষটি নন। এখন তিনি ক্ষমতার স্বাদ পেয়েছেন। আর সেই স্বাদ তাঁকে আরও বেশি চাইতে শিখিয়েছে। ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সিরিজটির দ্বিতীয় মৌসুম। নতুন মৌসুমে আবারও কেন্দ্রীয় চরিত্রে ফিরছেন থিও জেমস ও কায়া স্কোডেলারিও। নেটফ্লিক্স ইতিমধ্যে সিরিজটির তৃতীয় মৌসুমের ঘোষণা দিয়েছে। গাই রিচির মতে, সিরিজটির উচ্চাকাঙ্ক্ষা বেড়েছে, গল্পের পৃথিবী আরও বিস্তৃত হয়েছে এবং চরিত্রগুলোর সিদ্ধান্তের পরিণতিও এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তৃতীয় মৌসুম যেন প্রায় অনিবার্যই হয়ে উঠেছিল।

Explore More Districts